ডিএসজে
পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত বন্ডগুলো স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সঙ্গে অনুমোদন পেয়েও এটিবিতে তালিকাভুক্ত না হওয়া বন্ডগুলোকেও মূল বোর্ডে আনার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় আবেদন ও ব্যবস্থা গ্রহণের সময়সীমা নির্ধারণ করেছে কমিশন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০৩৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বন্ডের অনুমোদনপত্রে (কনসেন্ট লেটার) এটিবিতে তালিকাভুক্তির শর্ত রয়েছে, কিন্তু এখনো তালিকাভুক্ত হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন জমা দিতে হবে। এ বিষয়ে ইস্যুয়ার কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
একই সঙ্গে বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্ত করার জন্য স্টক এক্সচেঞ্জগুলোকে ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আগে থেকেই এটিবিতে থাকা বন্ড এবং অনুমোদন পেয়েও তালিকাভুক্ত না হওয়া বন্ড—উভয় ক্ষেত্রেই মূল বোর্ডে তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে বন্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে মূল বোর্ডে স্থানান্তরিত হবে না। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, স্টক এক্সচেঞ্জগুলোকে বিদ্যমান তালিকাভুক্তি বিধিমালা (লিস্টিং রেগুলেশনস) এবং প্রয়োজনীয় যোগ্যতার শর্ত অনুসরণ করতে হবে। এসব শর্তের ভিত্তিতেই মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন বিবেচনা ও স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফলে ৩০ নভেম্বরের সময়সীমা মূলত আবেদন জমা দেওয়া এবং স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে। ওই তারিখের মধ্যেই সব বন্ডের মূল বোর্ডে তালিকাভুক্তি সম্পন্ন করতে হবে—এমন বাধ্যবাধকতার কথা কমিশনের সিদ্ধান্তে বলা হয়নি।
বিএসইসির এই সিদ্ধান্তের ফলে বন্ড তালিকাভুক্তির ক্ষেত্রে এটিবির পরিবর্তে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে মাত্র দুটি বন্ড এটিবিতে তালিকাভুক্ত। তবে কোন কোন বন্ড এ সিদ্ধান্তের আওতায় পড়বে কিংবা অনুমোদন পেয়েও কতটি বন্ড তালিকাভুক্ত হয়নি, সে তথ্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এ ছাড়া মূল বোর্ডে স্থানান্তরের ক্ষেত্রে বন্ডগুলোর বিদ্যমান শর্তে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।











