ডিএসজে
পুঁজিবাজারে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে পুরোনো লোকসান সমন্বয়ে চার বছর সময় দিলেও নতুন করে সৃষ্ট নেগেটিভ ইকুইটির জন্য কোনো ছাড় রাখা হয়নি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ওপর আর্থিক দায় চাপানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নগদ লভ্যাংশ বিতরণ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০৩৮তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র মো. আবুল কালাম।
বিএসইসি জানিয়েছে, নেগেটিভ ইকুইটি ও অনিষ্পন্ন লোকসান (আনরিয়েলাইজড লস) সমন্বয়ের জন্য আবেদন করা সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা ২০৩০ সাল পর্যন্ত সময় পাবেন। তবে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা ইতোমধ্যে বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল থাকবে।
নেগেটিভ ইকুইটি মূলত মার্জিন ঋণনির্ভর বিনিয়োগ হিসাবে এমন পরিস্থিতি, যেখানে শেয়ারের বাজারমূল্য কমে গিয়ে পোর্টফোলিওর সম্পদের মূল্য সংশ্লিষ্ট ঋণ ও দায়ের নিচে নেমে যায়। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে এ ধরনের হিসাব বিদ্যমান থাকায় লোকসান সমন্বয় ও প্রভিশন সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক বিষয় হয়ে রয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যমান নেগেটিভ ইকুইটিকে ভিত্তি ধরে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে চার বছরে সম্পূর্ণ নেগেটিভ ইকুইটির বিপরীতে প্রভিশন সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
অর্থাৎ ২০২৭ সালে ২৫ শতাংশ, ২০২৮ সালের মধ্যে ৫০ শতাংশ, ২০২৯ সালের মধ্যে ৭৫ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে শতভাগ প্রভিশন সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে ২০২৬ সালের শেষ তিন মাসে নতুন করে কোনো নেগেটিভ ইকুইটি সৃষ্টি হলে তা এই চার বছরের সুবিধার আওতায় আসবে না। ৩০ সেপ্টেম্বরের পর থেকে চলতি বছরের মধ্যে নতুন সৃষ্ট নেগেটিভ ইকুইটির বিপরীতে ২০২৬ সালেই প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ নতুন লোকসানের দায় ভবিষ্যতের জন্য স্থগিত রাখার সুযোগ পাবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
নেগেটিভ ইকুইটি থাকা বিও হিসাবগুলোর লেনদেনের ক্ষেত্রেও বিশেষ শর্ত দিয়েছে বিএসইসি। এসব হিসাবে আগে থেকে থাকা শেয়ার বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে নতুন করে শুধু ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনা যাবে। এর মাধ্যমে পোর্টফোলিও পুনর্বিন্যাসের সুযোগ থাকলেও নতুন কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। পাশাপাশি এসব বিও হিসাবের কোনো লেনদেন ব্লক মার্কেটে করা যাবে না।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, প্রভিশন সংরক্ষণ ও নেগেটিভ ইকুইটি সমন্বয়ের পুরো সময়ে সংশ্লিষ্ট বিও হিসাবে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। একই সঙ্গে নেগেটিভ ইকুইটিযুক্ত হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য বিনিয়োগকারীদের দায়ী করা কিংবা তাঁদের ওপর আর্থিক দায় চাপানো নিষিদ্ধ করা হয়েছে।
এর ফলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের নেগেটিভ ইকুইটির দায় থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি বিদ্যমান শেয়ার বিক্রি করে তুলনামূলক ভালো মৌলভিত্তির ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। তবে নতুন ঋণ নিয়ে বিনিয়োগ বাড়ানোর সুযোগ থাকছে না।
অন্যদিকে, নেগেটিভ ইকুইটি সমন্বয়ে বাড়তি সময় পাওয়া সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের ওপর নগদ লভ্যাংশ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে কমিশন। বর্ধিত সময়কালে এসব প্রতিষ্ঠান কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না।
এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পুরোনো নেগেটিভ ইকুইটি ও অবাস্তবায়িত লোকসান পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ পেলেও শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেওয়ার সুযোগ হারাবে। অর্থাৎ লোকসান সমন্বয়ের জন্য সময় বাড়ানোর সুবিধার সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মুনাফা বিতরণের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।
বিএসইসির মতে, নতুন সিদ্ধান্তে সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি এবং অবাস্তবায়িত লোকসান পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।











