ঢাকা,  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৯ ১৪৩৩

বিদেশে চিকিৎসায় অনুমতি ছাড়াই পাঠানো যাবে ৩০ হাজার ডলার

আগের সীমা দ্বিগুণ; স্কুল-কলেজে পড়াশোনা ও নিয়মিত দূরশিক্ষার কোর্সেও বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম সহজ

টাকা-কড়ি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৮,৯ নভেম্বর ২০২৬

বিদেশে চিকিৎসায় অনুমতি ছাড়াই পাঠানো যাবে ৩০ হাজার ডলার

ডিএসজে

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়া অর্থ পাঠানোর সীমা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অন্য বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। একই সঙ্গে বিদেশে স্কুল-কলেজে পড়াশোনা এবং দূরশিক্ষার নিয়মিত কোর্সের জন্যও বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ থেকে জারি করা এক সার্কুলারে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য ৩০ হাজার ডলার পর্যন্ত অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন নিতে হবে না। ফলে চিকিৎসার খরচ মেটাতে আগের তুলনায় বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ পাবেন রোগী ও তাঁদের স্বজনেরা। তবে বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিদ্যমান নিয়ম বহাল থাকবে।

বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার ক্ষেত্রেও অনুমোদনের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। আগে এ ধরনের শিক্ষার খরচ মেটাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হতো। এখন সেই অনুমতি ছাড়াই অর্থ পাঠানো যাবে। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

এ ছাড়া বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত একাডেমিক কোর্সে ডাকযোগে বা দূরশিক্ষা পদ্ধতিতে পড়াশোনার জন্যও বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানো হয়েছে। আগে শুধু সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়া অর্থ পাঠানো যেত। নতুন সিদ্ধান্তে নিয়মিত একাডেমিক কোর্সও এ সুবিধার আওতায় এসেছে।

অন্যদিকে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এনে দেশে ব্যাংক হিসাবে জমা রাখার ক্ষেত্রে একটি শর্ত নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে বসবাসকারী কোনো বাংলাদেশি বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখতে চাইলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে তা ঘোষণা করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পৃথক অনুমোদন নেওয়ার প্রয়োজন কমবে। তবে অনুমোদনের শর্ত শিথিল করা হলেও অর্থ পাঠানোর অন্যান্য নিয়ম ও প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া অপরিবর্তিত থাকছে।