ঢাকা,  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, অগ্রাহায়ণ ৯ ১৪৩৩

অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকার আমানত নিয়ে অনিশ্চয়তা

টাকা জমা দিলেও হিসাবের অস্তিত্ব পাচ্ছেন না ৩১৫ গ্রাহক; প্রমাণ যাচাই করে অর্থ ফেরতের আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের

টাকা-কড়ি

ডিএসজে প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮,৮ নভেম্বর ২০২৬

অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকার আমানত নিয়ে অনিশ্চয়তা

ছবি- ডিএসজে

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকার আমানত ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিয়ম মেনে টাকা জমা দিলেও ব্যাংকের হিসাবে নিজেদের নামে কোনো হিসাব পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। অর্থ ফেরতের দাবিতে রোববার (৮ নভেম্বর) অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তাঁরা।

বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধনে সাত দফা দাবি তুলে ধরেন ভুক্তভোগী গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক জাফরিন আলম রাখী। তিনি বলেন, শ্রীনগর শাখায় নিয়ম মেনেই তাঁরা অর্থ জমা রেখেছিলেন। কিন্তু এখন টাকা তুলতে গেলে ব্যাংক থেকে বলা হচ্ছে, তাঁদের নামে কোনো হিসাব নেই। প্রধান কার্যালয়ে অভিযোগ জানিয়েও অর্থ ফেরত পাননি তাঁরা।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে দেওয়া লিখিত আবেদনে গ্রাহকেরা জানান, অনেকে সারা জীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ ও ব্যবসার মূলধন ব্যাংকে জমা রেখেছিলেন। অর্থ ফেরত না পাওয়ায় তাঁরা আর্থিক সংকটে পড়েছেন। এ ঘটনায় ব্যাংকের প্রতি তাঁদের আস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগীদের দাবির মধ্যে রয়েছে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্তদের আমানতের সঠিক তালিকা প্রস্তুত, বৈধ আমানত নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি ও কাগজপত্র যাচাইয়ে বিশেষ সেল গঠন এবং তদন্তের অগ্রগতি লিখিতভাবে জানানোর দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, ‘সরকারি ব্যাংকে টাকা রেখে কেউ প্রতারিত হবেন না। সঠিক তথ্যপ্রমাণ থাকলে সবাই টাকা পাবেন।’

তিনি জানান, শ্রীনগর শাখার কয়েকজন অসাধু কর্মকর্তার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁরা কারাগারে রয়েছেন। বিষয়টি বিচারাধীন থাকায় গ্রাহকদের কাগজপত্র যাচাই করা হচ্ছে। বৈধ প্রমাণ পাওয়া গেলে অর্থ ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংকে বিধি অনুযায়ী জমা রাখা অর্থ ফেরত পাওয়ার অধিকার গ্রাহকের রয়েছে। তবে কোনো ব্যাংক কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে অর্থ লেনদেন করলে তার দায় ব্যাংকের নয়। ব্যাংকে অর্থ জমার সঠিক প্রমাণ থাকলে ব্যাংক তা ফেরত দিতে বাধ্য।

এর আগে গত ৭ অক্টোবর শ্রীনগর শাখায় গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন শাখা ব্যবস্থাপক শরীফউদ্দিন, সাবেক ক্যাশ অফিসার মো. জিন্নাহ হোসেন, নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ ও আব্দুল হাই এবং অগ্রণী ব্যাংকের দীঘিরপাড় শাখার ব্যবস্থাপক রেজাউল হক।

তবে অভিযোগে উল্লিখিত ৩০ কোটি টাকার কতটা ব্যাংকের আনুষ্ঠানিক হিসাবে জমা হয়েছিল এবং কতজন গ্রাহকের আমানতের প্রমাণ যাচাই সম্পন্ন হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অর্থ ফেরতের কোনো সময়সীমাও জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ।